ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম এবং নাগরিক সেবা আগামীকাল সোমবার (২৩ জুন) থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। রোববার (২২ জুন) সকালে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের সংগঠকরা সংশ্লিষ্ট দফতরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, নগরবাসীর সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা আরও বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো ফ্যাসিস্ট কর্মকর্তা বা তাদের সহযোগী যদি নগর ভবনে প্রবেশ করেন, তবে তারা নিজ দায়িত্বে প্রবেশ করবেন। নগর ভবনে কোনো ফ্যাসিস্টের স্থান নেই।”
একই সঙ্গে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ না দেওয়ায় আদালত ও সংবিধান অমান্য করার অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। তারা এই দাবিতে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে ঘোষণা করা হলেও সরকার এখনো তার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
