ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় ইরান প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এই উন্নত ক্ষেপণাস্ত্রটি ব্যবহৃত হয়েছে।
‘খাইবার’ ক্ষেপণাস্ত্র, যা আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত, ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিরিজের সর্বশেষ সংস্করণ। এটি ২,০০০ কিলোমিটার পাল্লার এবং ১,৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, যা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি। তরল জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণযোগ্য এবং বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করতে পারে। এর নির্ভুলতা এবং শক্তি পূর্ববর্তী ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি।
প্রযুক্তিগত তথ্য অনুযায়ী, ‘খাইবার’ বায়ুমণ্ডলের বাইরে ম্যাক ১৬ (শব্দের গতির ১৬ গুণ) এবং ভেতরে ম্যাক ৮ গতিতে চলতে সক্ষম। এর অত্যাধুনিক প্রযুক্তির কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি আটকানো কঠিন। এই হামলা ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ.আই/এম.আর
