বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ আসমা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাবা মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলামকে (১৫) গ্রেপ্তার করেছে। রোববার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আসমা বেগম কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে গ্রেপ্তারকৃত মোস্তফা হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৭ জুন মাগরিবের নামাজের সময় আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে আসামিরা তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। ওই সময় তার পরিবারের সদস্যরা বাইরে ছিলেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, আসমা বেগম মোবাইলে তার স্বামী আবুল হোসেনকে শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বাড়ি ফিরে আবুল হোসেন তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকি�ৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আছিম বিল্লাহ গত ১৮ জুন বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পাঁচ দিনের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ.আই/এম.আর
