ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি-৭ একটি বিবৃতি প্রকাশ করেছে। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে জোটের নেতারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইরানকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস’ হিসেবে অভিযুক্ত করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, জোটের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে জি-৭ নেতারা বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তারা সংঘাত নিরসনের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা ও ইতালি। বিবৃতিতে ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উপস্থিতিও উল্লেখ করা হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে পৌঁছেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। বিবিসির লাইভ প্রতিবেদন অনুসারে, গতকাল ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায়, যার ফলে সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত ও আহত হন।
গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করে, যার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও ১১ জন পরমাণুবিজ্ঞানী রয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।
এ.আই/এম.আর
