গাজীপুর, ১৭ জুন ২০২৫ : গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. লিটন নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লিটন তালহা স্পিনিং মিলসংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও ভিকটিমের স্বজনদের তথ্য অনুযায়ী, ভিকটিম একটি স্থানীয় কারখানায় মাসিক ৬ হাজার টাকা বেতনে কাজ করত। এটিএম বুথ থেকে টাকা ওঠানোর সূত্রে তার সঙ্গে লিটনের পরিচয় হয়। তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিটন গত রোববার (১৫ জুন) সকাল ৬টায় ভিকটিমের বাবার মোবাইলে তাকে বুথে ডেকে নেন। সেখানে পৌঁছালে তাকে একটি ছোট কক্ষে বসানো হয়, এই বলে যে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন। ভিকটিমের বাবা দুইবার চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে লিটন তাকে বাড়ি ফিরে যেতে বলেন। সকাল ১০টার দিকে লিটন ওই কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভিকটিম বাড়ি ফেরার পথে তার বাবাকে ঘটনাটি জানান।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক সোমবার (১৬ জুন) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর থেকে পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
গ্রেপ্তার লিটন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির ভাড়াটিয়া। মামলার তদন্ত চলমান রয়েছে।
এ.আই/এম.আর
