ঢাকা, ২৪ জুন ২০২৫: আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রোধ, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সে হিসেবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৮২ জন কমেছে।
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছে এবং সকল পক্ষকে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
এ.আই/এম.আর
