ঢাকা, ২৪ জুন ২০২৫ – রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশের মুদ্রার মূল্য সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই অনুষ্ঠানে গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি’র মাধ্যমে বাংলাদেশে গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধনও হয়।
ড. মনসুর বলেন, “বাংলাদেশে বসেই আমাদের মুদ্রার মূল্য নির্ধারণ করা হবে। যৌক্তিক কারণ ছাড়া আমাদের মুদ্রার মূল্য এক পয়সাও কমানোর সুযোগ নেই।” তিনি মধ্যস্বত্বভোগীদের সুযোগ নেওয়ার প্রচেষ্টা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তবে এই সম্ভাবনা নষ্ট করার সুযোগও সীমাহীন।”
ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে গভর্নর জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ঝুঁকি বিবেচনায় সুপারভিশন শুরু হবে। “এরই মধ্যে ২০টি ব্যাংকে সুপারভিশন পরিচালনা করা হয়েছে। আমরা চেষ্টা করছি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের অবস্থায় আর ফিরে না যায়,” তিনি বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জানান, এটি এখন নিয়ন্ত্রণের দিকে রয়েছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে কয়েকটি ব্যাংককে মার্জারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংক মার্জারে যেতে পারব। তবে আমানতকারীদের কোনো ক্ষতি হবে না।” তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা যে ব্যাংকে আছেন, সেখানেই থাকুন। আপনাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশে গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর। সিটি ব্যাংক পিএলসি গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই ডিজিটাল পেমেন্ট সেবা চালু করেছে। প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে এই সেবা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্য ব্যাংকগুলো যুক্ত হলে এই সুযোগ আরও প্রসারিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।” গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশে-বিদেশে পয়েন্ট-অব-সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারবেন। এই সেবা ব্যবহারে কোনো ফি লাগবে না এবং গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে টোকেনাইজেশন পদ্ধতি ব্যবহৃত হবে।
গুগল পে ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং গুগল পে অ্যাপ প্রয়োজন। সিটি ব্যাংকের কার্ড যুক্ত করে যেকোনো দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।
এ.আই/এম.আর
.webp)