দোহা, ২৪ জুন ২০২৫: কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাতার। এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে দোহা।
গত সোমবার রাতে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আল উদেইদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের পরমাণু স্থাপনায় রোববার মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে এতে মার্কিন ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র নিন্দা ও সমালোচনা করে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, “এই হামলা কাতারের সার্বভৌমত্বের প্রতি অগ্রহণযোগ্য লঙ্ঘন।” তারা আরো জানান, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করবে কাতার।
কাতার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে এ ঘটনার নিন্দা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও প্রকাশ করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আলোচনায় তারা সবসময় ইরানের পক্ষে কথা বলেছে। তবে এ ধরনের “বেপরোয়া” হামলা অব্যাহত থাকলে তেহরানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে।
এ.আই/এম.আর
