ঢাকা, ২৪ জুন ২০২৫: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫) নামে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে, এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধের জেরে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইশরাক হোসেন ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া, নাগরিক সেবা এবং সিটি করপোরেশনের চলমান কর্মকাণ্ড নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন।
এ.আই/এম.আর
