মেহেরপুর, ২৪ জুন ২০২৫: ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে পুনরায় মেহেরপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, পাশার মা সোমবার দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান। এরপর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। জেলা প্রশাসন আবেদন মঞ্জুর করে দুই ঘণ্টার প্যারোল মঞ্জুর করে। পুলিশের একটি গাড়িবহরে কড়া নিরাপত্তার মধ্যে পাশাকে তার নিজ গ্রাম মিনাপাড়ায় নিয়ে যাওয়া হয়। মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা এবং স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এরপর তাকে আবার মেহেরপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
জানাজায় এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার হয়ে আনোয়ার হোসেন পাশা মেহেরপুর কারাগারে রয়েছেন।
এ.আই/এম.আর
