তেহরান, ২১ জুন ২০২৫ – ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র শনিবার এক বিবৃতিতে তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছেন এবং ইসরায়েলকে "বিশ্বের সামনে নত করার" মতো আরও "চমক" প্রস্তুত রাখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন সব অস্ত্র রয়েছে, যা দখলদার ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর উপর "পশুতুল্য বর্বরতার" অভিযোগ আনা হয় এবং দাবি করা হয় যে, ইরানের সাহসী সৈন্যরা তাদের প্রতিরক্ষা শক্তির সামান্য অংশ ব্যবহার করেই ইসরায়েলকে ভয়াবহ আঘাত করেছে। মুখপাত্র বলেন, "আমাদের সৈন্যরা শত্রু ইসরায়েলকে নিখুঁত ও শক্তিশালীভাবে আঘাত করেছে।"
যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীকে সমর্থন দেওয়ার কোনো প্রচেষ্টা, সরাসরি বা পরোক্ষ, অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
ইসরায়েলে বসবাসকারী "অস্থায়ী" অধিবাসীদের উদ্দেশে মুখপাত্র বলেন, "এই দখলকৃত ভূখণ্ড এখন আর নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে ইরানি বাহিনী এখানে আঘাত হানতে পারে।"
তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব "বিস্ময়কর" ব্যবস্থা গ্রহণ করেছে, যা বিশ্ববাসীর সামনে ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তেলআবিবে এই হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যা অঞ্চলে আরও সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।
এ.আই/এম.আর
