ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র যতগুলো বোমা হামলা চালিয়েছে, ঠিক ততগুলো মিসাইল তারা কাতারের দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে নিক্ষেপ করেছে। সোমবার (২৩ জুন) রাতে এই হামলা চালানো হয়, যেখানে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই হামলার মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করে, তবে ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে। ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, আল উদেইদ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত বলে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও বলেছে, এই হামলা কাতারের বিরুদ্ধে নয় এবং কাতারের সঙ্গে তাদের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের এই মিসাইল হামলায় তাদের দেশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, ইসরায়েলের একজন কর্মকর্তা দাবি করেছেন, ইরান আল উদেইদ ঘাঁটিতে মোট ১০টি মিসাইল নিক্ষেপ করেছে।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ.আই/এম.আর
