ইরান কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। হামলার পর কাতার তীব্র নিন্দা জানিয়ে এটিকে তাদের ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। কাতার এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
জবাবে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল মার্কিন বিমানঘাঁটি, যা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত। তারা বলেছে, “এই হামলা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কাতার বা এর নাগরিকদের জন্য কোনো হুমকি নয়।” ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ.আই/এম.আর
