আন্তর্জাতিক ডেস্ক, ২৩ জুন ২০২৫: কাতারের রাজধানী দোহায় সোমবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, ইরান আল-উদেইদ বিমানঘাঁটিতে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বৃহত্তম সামরিক স্থাপনা, যেখানে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। তবে স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে বেশিরভাগ বিমান এবং সরঞ্জাম সরিয়ে নিয়েছে।
ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হামলা ঘটল। গত ১৩ জুন ইসরায়েলের হামলার পর ইরান ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে।
হামলার পূর্বে কাতারে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিল। হামলার পর কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ.আই/এম.আর
