বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন, তবুও তিনি থেমে নেই। ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম এবং এভি ম্যালফরমেশনের মতো গুরুতর রোগ নিয়েও তিনি অবিরাম কাজ করে চলেছেন। সম্প্রতি কাপিল শর্মার কমেডি শো-এর নতুন সিজনের প্রথম পর্বে এসে সালমান নিজেই তার স্বাস্থ্য সমস্যার কথা খোলাখুলি জানিয়েছেন।
সালমান বলেন, “অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। রোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে, ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম আছে, এভি ম্যালফরমেশনও রয়েছে। তবুও কাজ করে চলেছি।” তিনি আরও জানান, মেজাজ খারাপ হলে শারীরিক জটিলতা আরও বেড়ে যায়।
২০১৭ সালে সালমান প্রথম ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন। এই রোগ, যা ‘সুইসাইড ডিজিজ’ নামে পরিচিত, মুখমণ্ডলে প্রবল যন্ত্রণার সৃষ্টি করে। এই যন্ত্রণা এতটাই তীব্র হয় যে, রোগী কখনও কখনও জীবন শেষ করার কথাও ভাবেন। অ্যানিউরিজম মস্তিষ্কের স্নায়ু সংক্রান্ত সমস্যা, আর এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর অস্বাভাবিক সংযোগের কারণে হয়, যা মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে।
সালমানের এই স্বীকারোক্তি তার সাহস ও অধ্যবসায়ের প্রমাণ। রোগের সঙ্গে লড়াই করেও তিনি বলিউডে নিজের অবস্থান অটুট রেখেছেন, যা তার ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস।
এ.আই/এম.আর
