ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাম্পাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস এবং আরও ৯টি গবেষণাগার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইসরায়েল এই ঘটনাকে ‘তেল আবিবের জন্য অপূরণীয় ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছে।
গত ১৯ জুন এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যার ফলে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং ডিসেকশন রুম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, মারকাস ফ্যামিলি ক্যাম্পাসের প্রায় ৩০টি ভবনও ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চিকিৎসা ও জীববিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প ধ্বংস হয়ে গেছে, যা বছরের পর বছর ধরে পরিশ্রমের ফসল ছিল।
ক্ষতির পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ১০ কোটি থেকে কয়েক শত কোটি শেকেল পর্যন্ত হতে পারে। এই হামলায় ৫০ জন শিক্ষক ও কর্মচারী এবং ৪৮ জন ছাত্রের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন কর্মচারী এবং ৪১ জন ছাত্রকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত চারটি পরিবার এবং কিছু কর্মচারীকে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে স্থানান্তর করা হয়েছে।
এই ক্ষয়ক্ষতি শুধু বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো ইসরায়েলের বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের জন্য একটি বড় ধাক্কা। বিশেষ করে চিকিৎসা ও জীববিজ্ঞানের দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্পের ধ্বংসের ফলে ভবিষ্যতে এই খাতে শূন্যতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
এ.আই/এম.আর
