জয়পুরহাট, ২৫ জুন ২০২৫: জয়পুরহাটের আক্কেলপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপপরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। পুলিশ বিভাগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করা হয়।
এর আগে, মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে আক্কেলপুর থানায় যোগদান করেন। তবে, তার দায়িত্বকালে আক্কেলপুরে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৮ সালে রংপুরের একটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ.আই/এম.আর
