ইরান-ইসরায়েল যুদ্ধের পর গাজা ইস্যুতে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। বুধবার (২৫ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।” ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই হামলার কারণে আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাব। গাজায় যুদ্ধবিরতি শিগগিরই হতে পারে।”
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন, যেখানে দাবি করা হয়েছিল যে মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। ট্রাম্প বলেন, “তারা আসলে কিছুই জানে না।” তিনি দাবি করেন, এই হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এটি ছিল একটি বিধ্বংসী আক্রমণ। তিনি আরও বলেন, এই ধ্বংসের ফলে তেহরান যুদ্ধবিরতির জন্য বাধ্য হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় সুবিধা ধ্বংস হয়ে গেছে। ঐ পাহাড়ের নিচের সবকিছু এখন খারাপ অবস্থায় রয়েছে।” তিনি জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে।
এ.আই/এম.আর
