রাজবাড়ী, ২৫ জুন ২০২৫: পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, নদীতে তীব্র স্রোত ও উত্তাল অবস্থার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো জটলা নেই, এবং ১০টি ছোট-বড় ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এ.আই/এম.আর
