পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টাল কন্টেইনমেন্টের অভেদ্যতা ও দৃঢ়তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় প্রকল্পের নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার পরমাণু সংস্থা রসাটম বুধবার (২৫ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রসাটমের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের কন্টেইনমেন্টটি প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট ও শক্ত ইস্পাতের আবরণ দিয়ে নির্মিত। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ বাইরে বের হতে না পারে এবং বাহ্যিক আঘাত থেকে সুরক্ষিত থাকে। পরীক্ষার সময় উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেসর ব্যবহার করে কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বাড়ানো হয়, যাতে এর দৃঢ়তা ও অভেদ্যতা যাচাই করা যায়। এটি পারমাণবিক জ্বালানি লোডিংয়ের আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির (এনপিবিসিএল) ব্যবস্থাপনা ড. জাহেদুল হাসান জানান, শিগগির প্রথম ইউনিটে ‘হট মিডিয়া টেস্ট’ পরিচালিত হবে। এতে কুল্যান্ট সার্কিটকে নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করে বাষ্প উৎপাদন এবং অন্যান্য নিরাপত্তা প্যারামিটার পরীক্ষা করা হবে।
রসাটম আরও জানায়, পরীক্ষার সময় কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ হতে পারে, যা পূর্বনির্ধারিত এবং সম্পূর্ণ নিরাপদ। স্থানীয় জনগণকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পে দুটি ইউনিট থাকবে, যার মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর, যা আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে সক্ষম। প্রথম ইউনিটের কাজ প্রায় শেষের দিকে।
