প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ড. ইউনূস রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, “উন্নয়নের যাত্রায় জার্মানি সবসময় আমাদের নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বাংলাদেশের উন্নয়নে জার্মানির ধারাবাহিক সহায়তা এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “চলে যাওয়ার পরও আমরা আপনার মতামত পেতে চাই, তা ইতিবাচক হোক বা সমালোচনামূলক।”
রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, “পেশাগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কাজ করেছি, কিন্তু বাংলাদেশ সত্যিই আলাদা। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।” তিনি ইনভেস্টমেন্ট সামিটকে একটি ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
এ সময় এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এ.আই/এম.আর
