Sunday, June 8, 2025

ফের উত্তপ্ত মণিপুর: মেইত নেতার গ্রেপ্তারে বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ৮ জুন ২০২৫ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মেইত জাতিগোষ্ঠীর এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (৭ জুন) রাত থেকে রাজধানী ইম্ফালসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছে মেইত সম্প্রদায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের পাঁচটি জেলা—ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম, কাকচিং, থোবাল এবং বিষ্ণুপুরে মোবাইল ডাটা সার্ভিস ও ইন্টারনেট সেবা পাঁচ দিনের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।  

শনিবার সন্ধ্যায় কোয়াকেইথেল এলাকা থেকে ওই মেইত নেতাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোয়াকেইথেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ভিডিও ছড়ানোর আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরও মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। প্রায় আট মাস পর আবারও একই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
মণিপুরের এই অস্থিরতার সূত্রপাত ২০২৩ সালের এপ্রিলে, যখন মণিপুর হাইকোর্ট মেইত জাতিগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের বিরোধিতা করে কুকি ও অন্যান্য উপজাতি সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। তাদের আশঙ্কা, এই মর্যাদার মাধ্যমে মেইতরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারবে এবং উপজাতিদের জন্য সংরক্ষিত কোটার সুবিধা নিতে পারবে। এই বিরোধ থেকে শুরু হওয়া সংঘাত এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। তবে নতুন করে সরকার গঠনের উদ্যোগ নিয়েছে বিজেপি। এর মধ্যেই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষ রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.