বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) একটি দালাল ও অবৈধ এজেন্ট চক্রের সন্ধান পেয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা বদরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ‘ট্রিপ এয়ার’ নামে একটি ট্রাভেল এজেন্সির মালিক।
আইভ্যাকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদরুল দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে কৃত্রিম ভিড় তৈরি করে সাধারণ ভিসা প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতেন। এতে অনেকে চরম ভোগান্তির শিকার হতেন। বাধ্য হয়ে তারা বদরুলের সহযোগীদের শরণাপন্ন হতেন। এই সুযোগে দেশজুড়ে ছড়িয়ে থাকা বদরুলের দালাল ও এজেন্টরা ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিত।
সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে মৌখিক ও লিখিত অভিযোগ পাওয়া শুরু করে আইভ্যাক। পুলিশকে জানানোর পর ভাটারা এলাকায় বদরুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাইবার অপরাধ, দুর্নীতি ও তথ্য বিকৃতির অভিযোগে মামলা দায়ের করা হবে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভিসা পেতে কোনো এজেন্ট বা দালালের প্রয়োজন নেই। এই তথ্য অফিশিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং ভিসা সেন্টারে পোস্টারের মাধ্যমে প্রচার করা হয়েছে। হাইকমিশন অসাধু চক্র এড়িয়ে স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় ভিসা আবেদনের আহ্বান জানিয়েছে।
এ.আই/এম.আর
