ঢাকা, ২৬ জুন ২০২৫: বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে যে, ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা গেছে। ফলে আগামী শুক্রবার, ২৭ জুন ২০২৫ থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই, রোববার।
এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
কমিটি বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে। এতে নিশ্চিত হওয়া যায় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ।
এ.আই/এম.আর
