আন্তর্জাতিক ডেস্ক ১২ জুন ২০২৫ : পশ্চিমবঙ্গের হাওড়ায় পর্নোগ্রাফি তৈরি ও এক তরুণীকে নির্যাতনের অভিযোগে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ জুন) বিকালে কলকাতার আলিপুর এলাকা থেকে শ্বেতাকে এবং সকালে গল্ফগ্রিন এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে শ্বেতা নিজের মোবাইল ফোন ব্যবহার করছিলেন না। তিনি অন্যদের ফোন ব্যবহার করে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখতেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ সেই মোবাইলগুলোর অবস্থান নজরদারি করে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আরিয়ান দাবি করেন, তারা কোনো পর্নোগ্রাফি ভিডিও তৈরি করেননি এবং তরুণীকে নির্যাতনের অভিযোগ মিথ্যা। তার আইনজীবী জানান, ওই তরুণীই আরিয়ানকে বিয়ে করতে চেয়েছিলেন।
তবে সংবাদমাধ্যমের দাবি, শ্বেতা ও আরিয়ান একটি প্রোডাকশন হাউসের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও তৈরির ব্যবসায় জড়িত ছিলেন। এছাড়াও, উত্তর ২৪ পরগনার সোদপুরের এক তরুণীকে হাওড়ার বাঁকড়া এলাকার একটি ফ্ল্যাটে আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
গত শুক্রবার ওই তরুণী কোনোভাবে পালিয়ে এসে ঘটনাটি প্রকাশ করে। বর্তমানে তিনি কলকাতার সাগর দত্ত হাসপাতালের আইসিসিইউ-তে চিকিৎসাধীন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পশ্চিমবঙ্গের জাতীয় মহিলা কমিশন স্বপ্রণোদিতভাবে তদন্ত ও আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে।
এ.আই/এম.আর
