বিনোদন ডেস্ক, ১১ জুন ২০২৫ : বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা দত্ত বিয়ে নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি জানান, বিয়ে করার ইচ্ছা তার নেই, তবে জীবনে একজন অর্থবহ সঙ্গীর খোঁজে রয়েছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দিব্যা বলেন, “যদি একজন ভালো সঙ্গী পাই, তাহলে বিয়ে করতে রাজি আছি। কিন্তু তা না হলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অকার্যকর দাম্পত্যের চেয়ে নিজেকে সময় দেওয়া অনেক ভালো।” তিনি আরও জানান, সম্পর্কে নিজেকে ছোট করার চেয়ে নিজেকে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, তিনি অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং তা উপভোগও করেন। তবে তার কাছে সম্পর্কের সৌন্দর্য নির্ভর করে পারস্পরিক যোগাযোগের ওপর। তিনি বলেন, “এমন একজন সঙ্গী চাই, যিনি আমার হাত ধরতে পারেন। তা না হলেও আমার বন্ধুরা এবং আমি নিজেই নিজের জন্য যথেষ্ট।”
বিয়ের প্রসঙ্গে দিব্যা হাস্যরসের সঙ্গে বলেন, এক বন্ধুর পাঠানো উদ্ধৃতির জবাবে তিনি বলেছিলেন, “সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!” তিনি এখন আর সঙ্গী ছাড়া জীবন অপূর্ণ মনে করেন না।
দিব্যাকে সর্বশেষ দেখা গেছে ‘ছাবা’ ছবিতে। এই ছবি বক্স অফিসে বিশ্বব্যাপী ৮০৭.৮৮ কোটি টাকা আয় করেছে এবং বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে। তার পরবর্তী ছবি ‘নাস্তিক’, যেখানে তিনি অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ ও হর্ষালি মালহোত্রার সঙ্গে অভিনয় করেছেন।
এ.আই/এম.আর
