ময়মনসিংহ, ১১ জুন ২০২৫: গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি সাংবাদিক ফারজানা রুপা এবং তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ প্যারোলে মুক্তি পেয়ে ফারজানার মায়ের শেষ বিদায়ে অংশ নিয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই সাংবাদিক দম্পতিকে বুধবার (১১ জুন) বিকেলে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
বুধবার রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামে পুলিশি প্রহরায় তারা মায়ের মৃত্যু সংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নেন। ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি এক পুত্র, পাঁচ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামে হোসনে আরা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর সাংবাদিক দম্পতি মায়ের লাশ দেখেন এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় আত্মীয়স্বজন ও দম্পতির মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দাফনের পর রাতেই ফারজানা রুপা ও শাকিল আহমেদকে পুনরায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ.আই/এম.আর
