ঢাকা, ২৬ জুন ২০২৫: এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র বিতরণে অবহেলার অভিযোগে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটেছে ঢাকা মহানগরীর ঢাকা-৯ কেন্দ্রে (কেন্দ্র কোড: ৫১২), নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। বাংলা প্রথম পত্র (১০১) বিষয়ের প্রশ্নপত্র বিতরণের সময় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাহমুদার বিরুদ্ধে। তিনি ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশিদকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২,৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রথম দিনে ১৯,৭৫৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে ৪৩ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত চলবে, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।
এ.আই/এম.আর
