কুষ্টিয়া, ২৭ জুন, ২০২৫: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিতলা-দুর্গাপুর এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়েশা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন তার পরিবারের সদস্যরা। এ সময় ডাকাত দল অ্যাম্বুলেন্সে হামলা করে মৃতের স্বজনদের মারধর করে এবং তাদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি মরদেহের কান ও গলায় মূল্যবান কিছু আছে কি না, তাও তল্লাশি করে ডাকাতরা।
মৃত আয়েশা খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রাকিবুল ইসলাম (৪২), আইলচারা গ্রামের আকছেদ মণ্ডলের ছেলে শাহবুল, শিউলি খাতুন (৪৬) এবং ফেরদৌসি (৩২)।
আয়েশার ভাই রাকিবুল ইসলাম বলেন, “আমার বড় বোনের মরদেহ নিয়ে ফেরার পথে ডাকাত দল অ্যাম্বুলেন্সে হামলা করে। তারা আমাদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা এবং একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এমনকি মরদেহের কান ও গলাও তল্লাশি করে। হাঁসুয়া দিয়ে ভয় দেখিয়ে আমাদের মারধর করা হয়।”
মৃতের স্বজনরা জানান, অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে প্রতিবন্ধকতা দেখে চালক অ্যাম্বুলেন্স থামান। এ সময় পাশের পানের বরজ থেকে চার থেকে পাঁচজন ডাকাত বেরিয়ে আসে। তারা ধারালো অস্ত্রের মুখে চালকের কাছ থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম কালবেলাকে বলেন, “রাত ২টার দিকে কালিতলা-দুর্গাপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটেছে। এলাকাটি গ্রামের ভেতরে। ওই সময় মাঠের কাছের প্রধান সড়কে পুলিশের টহল ছিল। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
এ.আই/এম.আর
