সরকার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডের একটি অংশ ক্রীড়া খাতে ব্যয় করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার রমনা টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “অতীতে স্টেডিয়াম নির্মাণে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এই অর্থ যদি ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হতো, তাহলে ক্রীড়া খাতে ব্যাপক উন্নতি সম্ভব হতো।” তিনি আরও উল্লেখ করেন, সমাজে এমন ধারণা প্রচলিত রয়েছে যে খেলাধুলা শুধু পেশাদারভাবে করা উচিত। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে খেলাধুলায় তেমন মনোযোগ দিতে পারিনি। তবে এখন থেকে বিভিন্ন খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি।” তিনি মনে করেন, বর্তমান প্রজন্ম খেলাধুলার সঙ্গে যুক্ত না থাকার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রসঙ্গে তিনি বলেন, বিসিবি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালকদের পারফরম্যান্স মূল্যায়নের এখতিয়ার সরকারের রয়েছে, আর নির্বাচিত পরিচালকদের মূল্যায়ন করবে বিসিবি নিজেই।
এ.আই/এম.আর
