Monday, June 30, 2025

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারো সতর্ক করলো পুলিশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আবারো সতর্ক করে জানিয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে।

সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের 'অরুণ্যদয়' গেট দিয়ে বের হয়ে একদল আন্দোলনকারী রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে পুলিশের তাৎক্ষণিক বাধায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, "এভাবে আন্দোলন করা কোনোভাবেই ঠিক হয়নি, তারা ১৪৪ ধারা ভেঙেছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।" রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, পুলিশ শান্তিপূর্ণভাবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে, যা এখনো বলবৎ রয়েছে।
এতদসত্ত্বেও, উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ডিএমপি কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.