Monday, June 30, 2025

আইইউবি ক্যাম্পাসে সর্বাধুনিক ওয়াইফাই ৭.০ প্রযুক্তির পূর্ণাঙ্গ নেটওয়ার্ক চালু

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ক্যাম্পাসে চালু হয়েছে অত্যাধুনিক ওয়াইফাই ৭.০ প্রযুক্তির পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। পুরোনো ওয়াইফাই ৫.০ প্রযুক্তির পরিবর্তে এই উচ্চগতিসম্পন্ন, নিরাপদ এবং স্থিতিশীল সংযোগ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দ্রুত এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করবে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন নেটওয়ার্ক অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। এই নেটওয়ার্কে ক্যাম্পাসজুড়ে বিপুল সংখ্যক অ্যাকসেস পয়েন্ট এবং শক্তিশালী ব্যাকবোন সংযোগ যুক্ত করা হয়েছে। যেখানে পূর্বে মাত্র কয়েকশ ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকতে পারত, সেখানে এখন ২৫,০০০-এর বেশি ডিভাইস একযোগে সংযুক্ত থাকতে সক্ষম। এই নেটওয়ার্ককে ‘ফিউচার রেডি’ হিসেবে অভিহিত করা হচ্ছে, যার অর্থ ভবিষ্যতের যেকোনো প্রযুক্তিগত চাহিদা মেটানোর জন্য আইইউবি এখন সম্পূর্ণ প্রস্তুত।

আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডিরেক্টর অব অটোমেশন ড. মাহাদী হাসান বলেন, “শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন আইওটি ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই অবকাঠামো স্থাপন করা হয়েছে। এটি জিরো-ট্রাস্ট সিকিউরিটি, স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট, বিওয়াইওডি (ব্রিং ইয়োর ওন ডিভাইস) সুবিধা এবং ভবিষ্যতে সহজে সম্প্রসারণের সুযোগ প্রদান করবে।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, “দ্রুতগতির এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ আধুনিক শিক্ষার জন্য অত্যাবশ্যক। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।” বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হুসেইন বলেন, “আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের চাহিদার গুরুত্ব বুঝি। সবাইকে ধৈর্য ধরে আমাদের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করছি। আমরা ধাপে ধাপে সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করে যাচ্ছি।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্টি তওহীদ সামাদ। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি রাশেদ চৌধুরী, আলতামাশ কবির, আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.