মস্কো, ২২ জুন, ২০২৫: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ইসফাহান, নাটানজ ও ফোরদোর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যের বিপরীত ফলাফল এনেছে।
মেদভেদেভ বলেন, “যুক্তরাষ্ট্রের এসব হামলা ট্রাম্পের লক্ষ্য অর্জনের পরিবর্তে ইরানের পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যায়—পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সহজ করেছে।” তিনি আরও দাবি করেন, এই হামলার ফলে ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে, এবং যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরোধী ছিল, তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হচ্ছে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন।” মন্ত্রণালয় এই আগ্রাসনের অবসান এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
এই দাবি ও প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু অস্ত্র বিস্তারের আশঙ্কাকে আরও তীব্র করেছে।
এ.আই/এম.আর
