কুষ্টিয়া, ১৯ জুন ২০২৫: কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম রূপল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম রূপল কুষ্টিয়া শহরের ডা. আবুল কাশেম লেনের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রূপল মোটরসাইকেলে করে কুমারখালী উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন। লাহিনী বটতলা এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে যান।
রূপলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও তার সহযোগী বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ.আই/এম.আর
.webp)