২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং ব্যবসায় পরিবেশের উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বাজেটে দেশি সুতার ওপর কর বাড়ানোর প্রস্তাব তাঁত শিল্প ও স্পিনিং মিল মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, দেশি সুতার ওপর কর প্রতি কেজিতে ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। অন্যদিকে, সিনথেটিক সুতার কর ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত কটন সুতার দাম বাড়বে, যা তাঁত শিল্পে ব্যবহৃত হয়। আমদানিকৃত সুতার দাম কমানো এবং দেশি সুতার দাম বাড়ানোর এই প্রস্তাবে স্পিনিং মিল ও তাঁত শিল্পের মালিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স দেশি সুতার ওপর কর কমানোর দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, “দেশি সুতার ওপর কর বৃদ্ধির কারণে তাঁতিদের উৎপাদন খরচ বাড়বে, ফলে কাপড়ের দাম বৃদ্ধি পাবে। এর প্রভাব সাধারণ গ্রাহকদের ওপর পড়বে।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত তাঁত শিল্পের প্রতিযোগিতার ক্ষমতা কমিয়ে দেবে এবং সাধারণ মানুষের জন্য কাপড়ের মূল্য বৃদ্ধির কারণ হবে।
তাঁত শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর বৃদ্ধি শিল্পের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর বোঝা চাপিয়ে দেবে। তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
এ.আই/এম.আর
