কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে গ্রাম্য সালিসে চুরির বিচারের জের ধরে মাতবরের ১৪ বছর বয়সী ছেলে হোসাইনকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২১) ও তার ছোট ভাই সাইমুন (১৬)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, গত দুই মাস আগে শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। গ্রাম্য সালিসে সাইমুনের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এই সালিসে হোসাইনের বাবা আবু তাহেরও উপস্থিত ছিলেন এবং রায় প্রদানে অংশ নিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩১ মে আলাউদ্দিন ও সাইমুন হোসাইনকে রাস্তা থেকে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা হোসাইনকে বিষ পান করায় এবং তার অণ্ডকোষে অ্যাসিড ঢেলে গুরুতরভাবে ঝলসে দেয়।
আহত হোসাইন কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৮ জুন) বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হোসাইনের মা শাহিনা আক্তার বুড়িচং থানায় আলাউদ্দিন ও সাইমুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে আসামিদের তাদের মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আজিজুল হক বলেন, “এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
এ.আই/এম.আর
