খেলাধুলা : ১৯৮০ সালে প্রথম ও শেষবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ৪৭ বছর কেটে গেলেও মহাদেশীয় এই আসরে আর ফিরতে পারেনি তারা। তবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠিত শক্তিশালী দল নিয়ে এই স্বপ্ন এখন আরও বাস্তবসম্মত।
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর আগমন বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। গত মার্চে ভারতের মাঠে তার অভিষেক ম্যাচে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে চমক সৃষ্টি করেছিল। এই ফলাফল বাংলাদেশের জন্য এশিয়ান কাপের দুয়ার খুলে দিয়েছে।
তবে এশিয়ান কাপে খেলতে হলে তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত (র্যাঙ্কিং ১২৭), হংকং (১৫৩), ও সিঙ্গাপুর (১৬১)। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৩ নম্বরে থাকলেও, ভারতের বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রমাণ করে র্যাঙ্কিংই সব নয়।
বাছাইপর্বে এখন পর্যন্ত গ্রুপের সব দল একটি করে ম্যাচ খেলেছে, এবং দুটি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে। ফলে সব দলের পয়েন্ট সমান। বাংলাদেশের সামনে এখনো পাঁচটি ম্যাচ রয়েছে। আজ ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর হংকংয়ের সঙ্গে দুটি, ভারতের সঙ্গে একটি, এবং সিঙ্গাপুরের সঙ্গে আরেকটি ম্যাচ অপেক্ষা করছে। এই ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ৪৭ বছর পর এশিয়ান কাপে ফিরবে বাংলাদেশ।
কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে দলটি প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। সম্প্রতি ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় এবং হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের পারফরম্যান্স দলের মনোবল বাড়িয়েছে। এখন প্রশ্ন, হামজারা কি এই স্বপ্ন পূরণ করতে পারবেন?
এ.আই/এম.আর
.jpeg)