লন্ডন, ১০ জুন ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের যুক্তরাজ্য সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এই সফরে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এই বৈঠকে অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে। ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা চাওয়া হবে।
এছাড়া, সফরকালে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক নিশ্চিত হয়েছে। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকটি ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।
এ বিষয়ে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং এটি রাজনৈতিক সমঝোতার দিকে একটি পদক্ষেপ হতে পারে। তবে, এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি।
এ.আই/এম.আর
.webp)