গাজীপুর, ১০ জুন ২০২৫: জুলাই গণহত্যার মামলাগুলোর তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে কারণ এসব মামলায় আসামির সংখ্যা অনেক বেশি। মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, জুলাই-আগস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ। পূর্বে পুলিশ বাদী হয়ে ১৫-২০ জনের নামে মামলা দায়ের করত, কিন্তু বর্তমানে মামলাগুলোতে আসামির সংখ্যা অনেক বেশি। এর মধ্যে অনেক নির্দোষ ব্যক্তিও রয়েছেন। তাই দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং নির্দোষ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেজন্য তদন্তে সময় লাগছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সারাদেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে থানায় না এসেও এসব কাজ করা যায়। এছাড়া, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর তৈরি করা হবে, যাতে বাইরে থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায়।
তিনি জোর দিয়ে বলেন, মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তবে তিনি স্বীকার করেন, দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণ করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ.আই/এম.আর
