গাজায় চলমান সংকটের মধ্যে, যেখানে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বাসিন্দারা খাবারের জন্য হাহাকার করছে, যুক্তরাজ্যের ২২১ জন আইনপ্রণেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ জনগণ অনাহারে রয়েছে এবং অনেকে দিনের পর দিন খাবার ছাড়া থাকছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শনিবার এক বিবৃতিতে গাজার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছে। এতে বলা হয়, অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রায় ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। গাজার আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন শিশু,.একজনের বয়স মাত্র সাত দিন। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় অনাহারে ১২০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮০ জনেরও বেশি শিশু।
১১ সপ্তাহের অবরোধের পর গত মে মাস থেকে ইসরায়েল গাজায় সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে। এ ছাড়া বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত দুই মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শতাধিক স্থানে হামলা চালিয়েছে, যাতে ভোর থেকে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৫৯,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
**ব্যর্থ যুদ্ধবিরতি আলোচনা**
কাতারে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রতিনিধিদল প্রত্যাহার করে নিয়েছে এবং হামাসকে দায়ী করছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চায় না এবং তাদের খুঁজে বের করা হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই সংঘাত সম্পূর্ণ বন্ধ করতে চায় না।
চরম সহিংসতার মধ্যে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাজ্যের উপর চাপ বেড়েছে। শুক্রবার ২২১ জন ব্রিটিশ আইনপ্রণেতা, যাদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরাও রয়েছেন, স্টারমারকে চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, “আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।” স্টারমার বলেছেন, শান্তি আলোচনার মাধ্যমে চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।
শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে গাজার “মানবিক বিপর্যয়” বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, বেসামরিক মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা বন্ধ করা অগ্রহণযোগ্য এবং ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বিধিনিষেধ তুলে নিতে হবে।