Friday, July 18, 2025

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে বক্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। তবুও আমাদের দমিয়ে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদবিরোধী যে লড়াই শুরু করেছি, তা শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না।’ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বেলা একটার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে লড়াই শুরু করেছি, তা চালিয়ে যাব। আমাদের সঙ্গে ওপরওয়ালা আছেন, দেশের জনগণ আছেন। ভয়ের কোনো কারণ নেই। সামনে আরও একটি লড়াই আসছে। আমরা তার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি মুন্সিগঞ্জের অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন, সড়কপথের বেহাল দশা, এবং দুর্বল চিকিৎসাব্যবস্থার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এই মুন্সিগঞ্জে নদীভাঙন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। প্রতি মাসে নদীভাঙনে নতুন জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে। আমরা নদীভাঙন ও দুর্যোগ থেকে মুন্সিগঞ্জকে রক্ষা করব। অবৈধ বালু উত্তোলন বন্ধ করব, চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আনব। এ জেলায় শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে। মুন্সিগঞ্জের মানুষকে গণ-অভ্যুত্থানের মতো প্রতিবাদে জেগে উঠতে হবে। এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে নাহিদ বলেন, ‘মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে থাকেন। আমরা তাঁদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি। অনেকে বলেন, প্রবাসীদের ভোটের অধিকার নেই। আমরা বলি, প্রবাসীরা দেশের অংশ, আমরা তাঁদের ভোটাধিকার নিশ্চিত করব।’ পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যে সংস্কার চাই, তা কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। এটি বাংলাদেশ ও জনগণের পক্ষে। অতীতে নেতাকে পূজা করা হয়েছে। আমরা চাই পরবর্তী বাংলাদেশে এটা না হয়। এ দেশ আর নেতানির্ভর হবে না। নেতা ভুলের ঊর্ধ্বে নন। ফ্যাসিবাদবিরোধী সব মত ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে।’ গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ এখনও ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্ত হয়নি। ফ্যাসিস্টমুক্ত হতে অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা ভেবেছিলাম গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ, কিন্তু দেখেছি, সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা। শুধু গোপালগঞ্জ নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।’
পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে শুক্রবার ভোর থেকে এনসিপির মুন্সিগঞ্জ শহরের নেতা-কর্মীরা সুপারমার্কেট এলাকায় জমায়েত শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা শুরু হয়, যা চলে বেলা সোয়া একটা পর্যন্ত।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.