শুক্রবার (১৮ জুলাই) স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রশংসা করেন।
ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা কখনো দেখিনি। আমার স্পেসএক্সের সকল সহকর্মীর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “এখন বর্ষাকাল। এই সময়ে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। আমাদের পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোয় উন্নত সংযোগের জরুরি প্রয়োজন। এই অঞ্চলগুলোতে স্কুল, শিক্ষক ও ডাক্তারের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য উপকারী হবে।”
সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি। দুর্গম এলাকার মানুষ যেন অনলাইনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। গর্ভাবস্থায় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসে পরামর্শ নিতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরাও এই সেবা থেকে উপকৃত হবেন। ভাষার বাধার কারণে অনেকে বিদেশে ডাক্তারের সঙ্গে পরামর্শে দ্বিধা করেন। এই ব্যবস্থায় তারা বিদেশ থেকে বাংলাদেশি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন।”
ড. ইউনূসের বক্তব্যের প্রশংসা করে ড্রেয়ার বলেন, “আপনি যে উদাহরণ স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গে শেয়ার করা উচিত। ড. ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।” তিনি দুর্নীতির বিরুদ্ধে ড. ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন। তিনি বলেন, “আপনার জনসেবা জনগণের কাছে পৌঁছানোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা তাৎপর্যপূর্ণ।”
বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব এবং বিআইডিএ ও বিইজেডএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।