বাংলাদেশ লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদের অভাবে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বছরে প্রায় ৫০ কোটি ডলার থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বের এক হাজারেরও বেশি ব্র্যান্ড ও সরবরাহকারী প্রতিষ্ঠান এই সংস্থার সদস্য হলেও বাংলাদেশের দুই শতাধিক কারখানার মধ্যে মাত্র আটটি প্রতিষ্ঠানের এলডব্লিউজি সনদ রয়েছে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, গাজীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত ‘চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। তারা জানান, বাংলাদেশে একটি টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমাতে এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে শিল্পটিকে উন্নত করতে হবে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার আহমেদ শাহেদের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপেক্স ফুটওয়্যারের এজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মনির হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমন্বয়কারী এ এম এম খাইরুল আনাম, চ্যানেল আই’র গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল, কালের কন্ঠ গাজীপুরের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।