হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৬১ বলে ৭০ রানের উদ্বোধনী জুটি পায়। ওপেনার রিফাত বেগ ৩১ রান করে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম ৭৭ রানের জুটি গড়েন।
আবরার হাফ-সেঞ্চুরি তুলে ৬৩ বলে ৮২ রান করে আউট হন, তার ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। আজিজুল ৩৪ রানে থামেন। অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডারে উইকেটরক্ষক মো: আব্দুল্লাহর অপরাজিত হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায়। আব্দুল্লাহ ৬৪ বলে ৫৬ রান করেন, যাতে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। জিম্বাবুয়ের তিন বোলার ২টি করে উইকেট নেন।
২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। ওপেনার নাথানেইল হালাবাঙ্গানা ৫২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন, আর ব্র্যান্ডন সেনজেরা করেন ২৬ রান। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে বাঁ-হাতি স্পিনার সামিউন বশির ১৪ রানে ৩ উইকেট নেন। আল ফাহাদ ও আজিজুল ২টি করে উইকেট শিকার করেন।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।