সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তাঁর লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই ব্যক্তি ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার আদালতের আদেশ অনুযায়ী সিআইডি এই পদক্ষেপ নেয়। আজ বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা রয়েছে।
এ ছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ওই ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।