রমনায় শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রমনা মডেল থানা এলাকার একটি ভবনের ৮ম তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ইস্পাহানী কলোনির একটি আবাসিক ভবনে।সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুফিয়া আক্তার সুনামগঞ্জ জেলার কাউকান্দি চাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জালাল উদ্দিনের মেয়ে। তিনি রমনা থানার ইস্পাহানী কলোনির ওয়াইসিস আবাসিক এলাকার ৬০৮/বি, ৮ম তলায় থাকতেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ রাত সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ইস্পাহানী কলোনির ৬০৮/বি ভবনের ৮ম তলার বাথরুমে ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুফিয়াকে ঝুলন্ত অবস্থায় পায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজারে বেড়াতে গেছেন। বাসায় সুফিয়া ছাড়াও আরও দুজন গৃহকর্মী ছিলেন। প্রতিদিনের মতো তারা তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় সবার অগোচরে সুফিয়া বাথরুমে গিয়ে ঝরনার সঙ্গে গলায় ফাঁস দেন। পুলিশে খবর দেওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।