ঢাকা, ২৯ জুলাই ২০২৫ – চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ কোনোভাবেই তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং এ নিয়ে কোনো দেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও জোর দিয়ে বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন এবং তিনটি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি বলেন, “ত্রিপক্ষীয় আলোচনা অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির ওপর কেন্দ্রীভূত। এটি কোনোভাবেই তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই।”
তিস্তা বহুমুখী প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, চীন এই প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত, তবে এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।