সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে নিহত বেড়ে ৯৪০
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। তবে এই সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সিরিয়ার সরকার সুইদায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, “নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা এবং ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ১৮২ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সরাসরি হত্যা করেছে।” এছাড়া, এই সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর অন্তত ৩১২ সদস্য এবং ২১ জন সুন্নি বেদুইন নিহত হয়েছেন। দ্রুজ সম্প্রদায়ের সমর্থনে ইসরায়েলের সামরিক হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি। গত কয়েকদিন ধরে চলা সুইদার সাম্প্রদায়িক সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যেই নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে, গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে ইসরায়েল বড় ধরনের হামলা চালায়, যেখানে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরও লক্ষ্যবস্তু ছিল। সিরিয়া-বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ব্যারাক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্যারাক আরও বলেছেন, এই চুক্তিকে আল-শারার গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক এবং প্রতিবেশী দেশ জর্ডানও সমর্থন করেছে।