নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর আরিফ হোসেন (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে বাদলকোট ইউনিয়নের মেঘা বাজার সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭টার দিকে কালামিয়া পাটোয়ারী বাড়ির সামনে খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।