বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে বন্যা ও ভবন ধসের ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে ৬৩ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। মৃত্যুর বেশিরভাগ ঘটনা দুর্বলভাবে নির্মিত বাড়ির ছাদ ধসে পড়ার কারণে সংঘটিত হয়েছে। জুনের শেষের দিক থেকে এ পর্যন্ত দেশব্যাপী বৃষ্টিপাতজনিত ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে।
পাঞ্জাবের রাজধানী লাহোরে ১৫ জন, ফয়সালাবাদে নয়জন এবং কৃষি শহর ওকারা, সাহিওয়াল ও পাকপত্তনে আরো বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত নাল্লা লাই নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডি প্রশাসন বৃহস্পতিবার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেয়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, জুনের শেষের দিক থেকে মৌসুমি বৃষ্টিপাতের ফলে শুধুমাত্র পাঞ্জাবে ১০৩ জন নিহত এবং ৩৯৩ জন আহত হয়েছেন। ১২০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি গবাদি পশু মারা গেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ২৫ জুন থেকে দেশব্যাপী কমপক্ষে ১৫৯ জনের মৃত্যু হয়েছে এবং এক হাজারটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।